আমির হামজার বছরে আয় ৯ লাখ, ধার-দানে নির্বাচনে ব্যয় করবেন ৩৮ লাখ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ১১:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আমির হামজার বার্ষিক আয় ৯ লাখ ১৬ হাজার ৪০০ টাকা। তার পেশা ব্যবসা ও কৃষি। স্ত্রী ও তিন মেয়েসহ পরিবারের নির্ভরশীল সদস্যদের বার্ষিক আয় দেখানো হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা।

নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত হলফনামায় আয়, সম্পদ ও ব্যয়ের এই তথ্য উল্লেখ করেছেন তিনি।

হলফনামা অনুযায়ী, আমির হামজার অস্থাবর সম্পদের মোট মূল্য ৪৬ লাখ ১১ হাজার ১২ টাকা। এর মধ্যে নগদ অর্থ রয়েছে ২ লাখ ৪৫ হাজার ১৭০ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১২ লাখ ৪০ হাজার ৮৪২ টাকা। তার মালিকানাধীন মোটরযানের মূল্য ২৫ লাখ ২৫ হাজার টাকা এবং ইলেকট্রনিক পণ্য ও আসবাবের মূল্য ৬ লাখ টাকা। নিজের নামে কোনো স্বর্ণালংকার নেই, তবে স্ত্রীর উপহার হিসেবে পাওয়া ১০ ভরি সোনার মূল্য দেখানো হয়েছে ৬ লাখ টাকা।

স্ত্রীর নামে অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ৮ লাখ ৯৪ হাজার ৬৩৬ টাকা, যার বর্তমান আনুমানিক মূল্য ২২ লাখ ৯৪ হাজার ৬৩৬ টাকা। এর মধ্যে নগদ ১ লাখ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬৩৬ টাকা। তিন মেয়ের নামে ব্যাংকে মোট জমা রয়েছে ৩ লাখ ৬০ হাজার টাকা।

স্থাবর সম্পদের হিসাবে আমির হামজার কৃষিজমি রয়েছে ০.৭৮৩১ একর, যার অর্জনকালীন মূল্য ১১ লাখ ৪৭ হাজার ৬০০ টাকা। এছাড়া ২০ লাখ টাকার একটি বাড়ি বা অ্যাপার্টমেন্ট রয়েছে। আবাসিক বা বাণিজ্যিক ভবনের জমির মূল্য দেখানো হয়েছে ৮৪ লাখ ৩৬ হাজার ৫৯০ টাকা। একই ধরনের সম্পদ স্ত্রীর নামেও রয়েছে। স্ত্রীর নামে আরও ১২ কাঠা কৃষিজমি আছে, যার অর্জনকালীন মূল্য ২ লাখ টাকা।

সর্বশেষ আয়কর রিটার্নে আমির হামজা ৮ লাখ ৬১ হাজার ৪০০ টাকা আয় দেখিয়েছেন এবং এর বিপরীতে ৫৪ হাজার ৯৬০ টাকা কর পরিশোধ করেছেন। আয়কর নথিতে তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১ কোটি ৫৭ লাখ ২৯ হাজার ৩৬০ টাকা।

নির্বাচনী ব্যয় হিসেবে মোট ৩৮ লাখ টাকা খরচ করার কথা জানিয়েছেন তিনি। এর মধ্যে নিজের ব্যবসা ও কৃষি আয় থেকে ব্যয় করবেন ১৫ লাখ টাকা। বাকি অর্থ আত্মীয়স্বজনের কাছ থেকে ধার ও স্বেচ্ছা দান হিসেবে সংগ্রহ করবেন। এর মধ্যে স্ত্রী ও শ্বশুরবাড়ি সূত্রে ৫ লাখ, বাবার কাছ থেকে ৫ লাখ টাকা ধার নেওয়ার কথা উল্লেখ আছে। এছাড়া চাচার কাছ থেকে ৩ লাখ, দুলাভাইয়ের কাছ থেকে ৫ লাখ এবং যশোরের আদ-দ্বীন হাসপাতালের এক চিকিৎসকের কাছ থেকে ৫ লাখ টাকা স্বেচ্ছা দান হিসেবে পাওয়ার তথ্য দিয়েছেন।

হলফনামা অনুযায়ী, আমির হামজা ও তার স্ত্রীর নামে কোনো ঋণ নেই। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। এছাড়া ২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা দুটি মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970