ইসলামী আন্দোলন ছাড়লেন ১০ নেতা, যোগ দিলেন জামায়াতে
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম
ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে বেরিয়ে ঢাকা মহানগরী দক্ষিণের ৭৫ নম্বর ওয়ার্ড (দাসেরকান্দি) এলাকার ১০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার সকালে রাজধানীর দাসেরকান্দি এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ৭৫ নম্বর ওয়ার্ড সভাপতি গাজী নাসির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আক্তার হোসেন, কাজী খালেদ হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি কবির আহমদ।
খিলগাঁও পূর্ব থানা জামায়াতের আমির মাওলানা মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নেতৃবৃন্দ নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তারা জামায়াতে ইসলামীর আদর্শ, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।