তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সিল মারার পরিকল্পনা করছে: নাহিদ ইসলাম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, এক দল অন্যান্য দলকে বিলুপ্ত করে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা করছে।
তিনি বলেন, “তাহাজ্জুদের পর তারা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে সিল মারার পাঁয়তারা করছে। ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতা-কর্মীরা এই ষড়যন্ত্র রুখে দিবে।”
সোমবার (২৬ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ এসব কথা বলেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “১২ ফেব্রুয়ারি আমরা ভোটকেন্দ্র পাহারা দেবো। আমাদের বোনেরা, মায়েরা ও সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে, তা নিশ্চিত করা হবে। যারা বাধা দেবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে।”
তিনি আরও বলেন, “আমরা ১০ দল থেকে ১১ দলে পৌঁছেছি। এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা দেশের জন্য নতুন বাংলাদেশ গড়ে তুলবে। দেশের সংকটময় মুহূর্তে দেশপ্রেমিক ও ইসলাম প্রেমিক শক্তি একত্রিত হয়েছে।”
জনসভায় বক্তব্য রাখেন— এনসিপির মুখপাত্র ও ঢাকা-১০ আসনের প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহবায়ক ও লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটওয়ারী এবং রামগঞ্জ পৌর জামায়াতের আমীর হাসান আল বান্নাহ।