বাংলাদেশে দিল্লির দাদাগিরি আর চলবে না: নাহিদ ইসলাম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর যারা নতুন করে চাঁদাবাজি, জমি দখল ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতিতে যুক্ত হয়েছে, তারাই বাংলাদেশের ‘নতুন জালেম’ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এসব জালেমকে রুখে দেওয়ার দিন হচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপ এলাকায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে কে সরকার গঠন করবে, তা এ দেশের জনগণই নির্ধারণ করবে। দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র চাপিয়ে দেওয়ার চেষ্টা মেনে নেওয়া হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না।
তিনি আরও বলেন, এই নির্বাচনি লড়াই শুধু কক্সবাজার-২ আসনের জন্য নয়, বরং সারা দেশে ১১ দলীয় ঐক্যজোট সম্মিলিতভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। দেশের মানুষকে আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, দুর্নীতি ও লুটপাটকারীদের হাত থেকে মুক্ত করতেই এই ঐক্য গড়ে তোলা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
জনসভায় জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জাতির ভবিষ্যৎ রক্ষায় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি। নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা ষড়যন্ত্র হলে জনগণ তা রুখে দেবে বলেও তিনি সতর্ক করেন। একই সঙ্গে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি নিরপেক্ষ ও দৃঢ় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ডা. তাহের আরও বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি গুণগত নতুন বাংলাদেশ গড়ার মাইলফলক হবে ১২ ফেব্রুয়ারির নির্বাচন। জাতীয় পরিবর্তন, উন্নয়ন ও স্বাধীনতা রক্ষায় এ নির্বাচন একটি ঐতিহাসিক সিদ্ধান্তের সময় উল্লেখ করে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কক্সবাজার-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এ এইচ এম হামিদুর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় কুতুবদিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির আ স ম শাহারিয়ার চৌধুরী ও সেক্রেটারি মাওলানা নুরুল আমিন সঞ্চালনা করেন। এতে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, বাংলাদেশ নেজামে ইসলামীর মহাসচিব মুফতি মুসা বিন ইজহারসহ জোটের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।