ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫১ পিএম

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত এবং হত্যার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার সময় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে দেওয়া পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

এই সংঘর্ষের মধ্যে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের আহত হন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়। এছাড়াও ফাতেমা তাসনিম জুমা (মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, ডাকসু), শান্তা আক্তার (সদস্য, জকসু), সালাউদ্দীন আম্মার (জিএস, রাকসু)সহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

আহতদের মধ্যে আব্দুল্লাহ আল জাবেরসহ কয়েকজনকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তবে এ বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, ‘তিনজন আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের মধ্যে কেউ গুলিবিদ্ধ নয়।’

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের ঘটনায় অন্তত আরও ২০ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে হাদি হত্যার বিচার দাবিতে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। একই দাবিতে শুক্রবার জুমার নামাজের পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জমায়েতের ডাক দেয় সংগঠনটি। একই সময় সংগঠনের আরেকটি অংশ যমুনার সামনেই অবস্থান কর্মসূচি চালিয়ে যায়।

এর মধ্যে সকাল থেকেই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনার সামনে অবস্থান নেন সরকারি কর্মচারীরা। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে জড়ো হওয়া কয়েকশ আন্দোলনকারীকে ছত্রভঙ্গ করতে পুলিশ একাধিক দফায় লাঠিচার্জ করে। পাশাপাশি কাঁদুনে গ্যাস ও সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়।

এই অভিযানের সময় যমুনার সামনে অবস্থানরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদেরও সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তারা আবার ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ পুনরায় তাদের ওপর চড়াও হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সময় পুলিশ লাঠিচার্জের পাশাপাশি সাউন্ড গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছোড়ে। জবাবে আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

সংঘর্ষের একপর্যায়ে সাউন্ড গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে একাধিক ব্যক্তি আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সংঘর্ষ শেষে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ এলাকায় অবস্থান করতে দেখা যায়। বিকেল ৫টার দিকে সংগঠনটির ফেসবুক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে উপস্থিত হওয়ার জন্য সহযোদ্ধাদের প্রতি আহ্বান জানানো হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970