রাশেদ প্রধানের বাসায় বিএনপি কর্মীদের ‘মব সৃষ্টি’র নিন্দা জামায়াতের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০১:১০ এএম

ছবি: সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র এবং ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানের বাসার সামনে মব সৃষ্টি ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, পুলিশের উপস্থিতিতে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসার সামনে এ ধরনের হামলা ও মব সৃষ্টি ফ্যাসিবাদী রাজনীতির ইঙ্গিত বহন করে। তিনি বলেন, রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে সহনশীলতার পরিবর্তে এ ধরনের সহিংসতা নতুন রাজনৈতিক সংস্কারের পরিপন্থি।

তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং রাশেদ প্রধানের বাসা ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক ঘটনার প্রতিবাদ রাজনৈতিকভাবেই হওয়া উচিত। গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করে মব তৈরি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে নাগরিকদের নিরাপত্তা ও আইনের শাসনের অধিকার ক্ষুণ্ন হয়।

তিনি অভিযোগ করেন, মব চলাকালে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা পরিস্থিতিকে আরও প্রশ্নবিদ্ধ করেছে। একইসঙ্গে তিনি রাশেদ প্রধানের ব্যক্তিগত সহকারী জনি নন্দীর ওপর হামলা ও আটক হওয়ার ঘটনায়ও নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

তিনি আরও বলেন, নির্বাচনের পর রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা, চাঁদাবাজি ও মববাজির মতো কর্মকাণ্ড গণতান্ত্রিক চর্চার পরিপন্থি। এসব বন্ধে সংশ্লিষ্ট রাজনৈতিক দলকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970