ঢাকা-৮ এ অল্প ব্যবধানে এগিয়ে পাটওয়ারী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের তিনটি কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলে অল্প ব্যবধানে এগিয়ে রয়েছেন শাপলা কপি প্রতীকের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী।
ঘোষিত ফল অনুযায়ী, তিনি পেয়েছেন ১ হাজার ২৪৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ পেয়েছেন ১ হাজার ২৪২ ভোট। ফলে এই তিন কেন্দ্রের হিসেবে পাটওয়ারী ৭ ভোটে এগিয়ে আছেন।
এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।
এদিকে সারা দেশে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুরুতে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় বাড়তে দেখা যায়।
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানায়, দুপুর ২টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে কিছু বিচ্ছিন্ন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে।