জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০২:৫৪ পিএম
তারেক রহমানকে ঘিরে দেওয়া বক্তব্যের কারণে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নুল আবদিন ফারুককে সতর্ক করেছে বিএনপি।
বুধবার (১১ মার্চ) দলটির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়নুল আবদিন ফারুক। সেখানে তিনি বলেন, তারেক রহমান ২০২৬ থেকে ২০৩২ নয়, বরং ২০৩২ থেকে ২০৩৭ সাল পর্যন্তও দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন- এমন প্রত্যাশা রয়েছে তার। সূর্য উঠলেই যেমন দিনের অবস্থা বোঝা যায়, তেমনি তারেক রহমানের রাজনৈতিক সূচনা দেখেই ভবিষ্যৎ সম্পর্কে ধারণা পাওয়া যায় বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে তিনি আরও বলেন, তার ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে তিনি ছয়বার জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেয়েছেন। তারেক রহমানের নেতৃত্বেই দেশের নেতৃত্ব সফল হবে বলেও বিশ্বাস প্রকাশ করেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, শুধু ২০৩১ সাল নয়, ২০৩৭ এবং ২০৪২ সালেও তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জয়নুল আবদিন ফারুকের এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে সতর্ক করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।