শিক্ষার্থীদের অনশনে বসিয়ে ‘লাশের রাজনীতি’র চেষ্টা চলছে: রাশেদ খান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পিএম
শিক্ষার্থীদের অনশনে বসিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে ‘লাশের রাজনীতি’ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতা রাশেদ খান। একই সঙ্গে তিনি বলেছেন, উপনির্বাচনে কারচুপির যে অভিযোগ বিরোধী পক্ষ তুলেছে, তার কোনো প্রমাণ এখনো উপস্থাপন করা হয়নি।
শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
রাশেদ খান বলেন, শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ তোলা হলেও এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট উদাহরণ বা প্রমাণ সামনে আনা হয়নি। এমনকি এ বিষয়ে গণমাধ্যমেও কোনো বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি।
তিনি আরও বলেন, যদি বিরোধী দলের রাজনীতি শুধুই বিরোধিতার মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে দেশ কখনোই কাঙ্ক্ষিত উন্নতির পথে এগোতে পারবে না।
অনশনের প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, রাজধানীর রাজু ভাস্কর্যে কয়েকজন শিক্ষার্থীকে অনশনে বসানো হয়েছে এবং হুমকি দেওয়া হচ্ছে—তাদের কেউ মারা গেলে সরকারকে দায় নিতে হবে। এতে প্রশ্ন উঠছে, পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের অনশনের মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে সরকারের বিরুদ্ধে ‘লাশের রাজনীতি’ করার চেষ্টা হচ্ছে কি না।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বারবার বলা হয়েছে, এক ফ্যাসিবাদ সরিয়ে আরেক ফ্যাসিবাদকে ক্ষমতায় বসতে দেওয়া হবে না। এর মাধ্যমে বিএনপিকে সরিয়ে ক্ষমতায় যাওয়ার লক্ষ্য থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।
রাশেদ খান মনে করেন, এমন পথে ক্ষমতায় যাওয়া সহজ নয় এবং অন্তর্বর্তী সরকারের সময়ও এমন চেষ্টা সফল হয়নি।
তিনি বলেন, ক্ষমতায় যেতে হলে ভোটের পথই একমাত্র গণতান্ত্রিক উপায়। গণঅভ্যুত্থানে বিএনপি ও জামায়াত একসঙ্গে কাজ করলেও এখন একে অপরকে সরিয়ে ক্ষমতায় যাওয়া বাস্তবসম্মত নয়।
শেষে তিনি বলেন, মুখোমুখি অবস্থান নিয়ে রাজনীতি করলে দেশ ক্ষতিগ্রস্ত হবে এবং সুযোগ নেবে অভিন্ন প্রতিপক্ষ। তাই সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক পরিবেশই দেশের অগ্রগতির জন্য জরুরি।