ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে ৭০ মুক্তিযোদ্ধার যৌথ বিবৃতি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৮ এএম

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ।

বুধবার (২৯ এপ্রিল) সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন এবং সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা মো. তাজিরুল ইসলামের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে মোট ৭০ জন মুক্তিযোদ্ধা স্বাক্ষর করেন।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি মুক্তিযুদ্ধ ও জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে বিভিন্ন বক্তব্যে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে, যা সংসদেও প্রতিফলিত হয়েছে। সেখানে আক্রমণাত্মক ভাষা ব্যবহারের ঘটনাও ঘটেছে, যা উদ্বেগজনক।

তারা উল্লেখ করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বিভিন্ন রাজনৈতিক ও আদর্শিক প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল এবং স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন। কেউ কেউ সময়ের সঙ্গে বিভিন্ন দলে যোগ দিয়েছেন, যা ব্যক্তিগত রাজনৈতিক অধিকার।

বিবৃতিতে আরও বলা হয়, ১৯৭৯ সালের পর রাজনৈতিক কার্যক্রম শুরু হওয়ার পর অনেক মুক্তিযোদ্ধা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হয়েছেন। একইভাবে বিভিন্ন সময়ে অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়েছেন।

তারা বলেন, সংসদে ব্যক্তিগত আক্রমণ বা আক্রমণাত্মক ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়। ফজলুর রহমানের বক্তব্যে যেসব মন্তব্য করা হয়েছে, তা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তারা মনে করেন।

মুক্তিযোদ্ধা পরিষদ জানায়, কোনো নাগরিকই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে যেকোনো রাজনৈতিক দল বা মতের সঙ্গে যুক্ত হতে পারেন, এটি তাদের সাংবিধানিক অধিকার।

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় সংসদ আইন প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ স্থান। সেখানে ব্যক্তিগত বা দলীয় আক্রমণাত্মক ভাষা ব্যবহার অনুচিত। ফজলুর রহমানের বক্তব্যকে তারা নিন্দনীয় বলে উল্লেখ করেন।

সবশেষে তারা আহ্বান জানিয়ে বলেন, বিভাজনের রাজনীতি পরিহার করে জাতীয় ঐক্য ও সংবিধান সংস্কারের মাধ্যমে দেশকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এগিয়ে নিতে হবে, অন্যথায় রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়তে পারে।

বিবৃতিতে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের ৭০ জন সদস্য স্বাক্ষর করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970