আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৭:২৯ পিএম
জানাজা নিয়ে মন্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান বলেছেন, তার জানাজা পড়ানোর জন্য কোনো ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই।
শনিবার কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাওরাঞ্চলে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো ফসল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, যারা জানাজা পড়াতে অনীহা প্রকাশ করছেন, তারা মূলত জামায়াতের লোক। এ নিয়ে তিনি তীব্র প্রতিক্রিয়া জানান।
ফজলুর রহমান আরও বলেন, জানাজা পড়ানো কে করবে বা করবে না- এটা কেউ নির্ধারণ করে দিতে পারে না। মৃত্যু ও জানাজার সিদ্ধান্ত একমাত্র সৃষ্টিকর্তার হাতে।
নিজের ধর্মীয় অবস্থান তুলে ধরে তিনি বলেন, তিনি বংশানুক্রমিকভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী এবং সুফিবাদী ধারার মানুষ। তার বিশ্বাস অনুযায়ী, এ দেশে ওলি-আউলিয়া ও দরবেশদের ধারাই তার পথ নির্দেশ করে।
তিনি আরও বলেন, তিনি আল্লাহর রাসূল (সা.) এবং পবিত্র কোরআনে বিশ্বাসী। তার জানাজা পড়ানোর জন্য নির্দিষ্ট কোনো গোষ্ঠীর প্রয়োজন নেই। তার মতে, তার মৃত্যুর পর অনেক মানুষই জানাজায় অংশ নেবে।
সংসদ সদস্য জানান, একটি নির্দিষ্ট বয়সের পর তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াবেন এবং আর নির্বাচনে অংশ নেবেন না। পরে তিনি ধর্মীয় ও আধ্যাত্মিক জীবনযাপন করবেন বলে জানান।
এদিন হাওরাঞ্চলের কৃষকদের দুর্ভোগ নিয়েও কথা বলেন ফজলুর রহমান। তিনি অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো ফসল পরিদর্শন করে কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন এবং সরকারি সহায়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা জানান।