সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:০৫ পিএম
সীমান্ত হত্যা বন্ধে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (১৯ মে) লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর আমঝোল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও তার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা গেলে সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, “ভারতের খুনি ও বর্বর বাহিনী আমাদের খাদিমুলকে হত্যা করেছে। সীমান্ত এলাকায় সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানো হচ্ছে। পরিকল্পিতভাবে মাদক ও ইয়াবা ঢুকিয়ে দেশের যুবসমাজকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে।”
সম্প্রতি কসবাসহ বিভিন্ন সীমান্ত এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা।
বিজিবিকে আরও শক্তিশালী করার দাবি জানিয়ে তিনি বলেন, নিহত খাদিমুল মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলির শিকার হয়েছেন বলে পরিবার জানিয়েছে। তবে এ ঘটনায় বিজিবির দেওয়া বক্তব্যকে তিনি বিএসএফের বয়ানের প্রতিফলন বলে দাবি করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্ত এলাকার সাধারণ মানুষ চোরাচালানের সঙ্গে জড়িত নয়, বরং তারা দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছেন।
ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, অতীতেও রাজনৈতিক নেতারা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেছিলেন। বর্তমানেও একই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি।
সীমান্তে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এনসিপি সরকার গঠন করতে পারলে প্রতিটি নিহত পরিবারের জন্য বাড়ি নির্মাণ করে দেওয়া হবে।
এ সময় তিনি পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকারকে দ্রুত ‘রেড অ্যালার্ট’ জারির আহ্বান জানান। পাশাপাশি সীমান্তবাসীকে নিজেদের নিরাপত্তায় ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।”