দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: শামসুজ্জামান দুদু
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:০২ পিএম
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেছেন, দেশে সংঘটিত বিভিন্ন অপকর্মের সঙ্গে জামায়াতে ইসলামীর সম্পৃক্ততা রয়েছে। তবে এসব ঘটনার দায় বিএনপি ও সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, দেশের মানুষ ইতিহাস ও বাস্তবতা সম্পর্কে সচেতন। তাই অপপ্রচার কিংবা মিথ্যাচার করে জনগণের সমর্থন আদায় করা সম্ভব নয়। জনগণের আস্থা এখনও বিএনপির প্রতিই রয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ইসলামকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত ইসলামের বিরুদ্ধেই কাজ করছে। তাদের রাজনীতি মিথ্যাচারনির্ভর বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।
সাবেক সরকারের সমালোচনা করে দুদু বলেন, হামের প্রাদুর্ভাব নিয়ে আগের সরকারকে একাধিকবার সতর্ক করা হলেও তারা কার্যকর ব্যবস্থা নেয়নি। ফলে দেশে নির্মূল হওয়া রোগ আবার ফিরে এসেছে। তবে বর্তমান সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশের ফার্মাসিস্টদের প্রশংসা করে বিএনপির এ নেতা বলেন, আগে অনেক ফার্মেসি রাতের আগেই বন্ধ হয়ে যেত। এখন দায়িত্ববোধ থেকে অনেক ফার্মেসি গভীর রাত পর্যন্ত সেবা দিচ্ছে, যা প্রশংসার দাবিদার।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে দলটি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় কারা বাংলাদেশের পক্ষে আর কারা পাকিস্তানের পক্ষে ছিল, তা দেশের মানুষ জানে।
বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন দুদু। তার দাবি, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো একটি নির্দিষ্ট গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। এখন সেখানে যোগ্য শিক্ষাবিদদের দায়িত্ব দিতে গেলে একটি পক্ষ অস্থির পরিবেশ তৈরির চেষ্টা করছে।
অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানিয়ে তিনি বলেন, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। কেউ বিএনপির নাম ব্যবহার করে অপরাধ করলে তাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নেতাকর্মীদের আশপাশে কোনো অপকর্ম হচ্ছে কি না, সেদিকে সতর্ক নজর রাখার আহ্বান জানান তিনি।