ট্রাম্প-এরদোগান ফোনালাপ, মধ্যপ্রাচ্য পরিস্থিতি-সিরিয়া-ন্যাটো ইস্যুতে আলোচনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬, ০৮:৩৭ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বুধবার অনুষ্ঠিত এ ফোনালাপে দুই নেতা যুক্তরাষ্ট্র-তুরস্ক সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, ইরান যুদ্ধবিরতি, সিরিয়া এবং ন্যাটো ইস্যু নিয়ে আলোচনা করেন।
তুরস্কের যোগাযোগ অধিদপ্তর জানায়, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন এরদোগান। তার মতে, বিরোধপূর্ণ বিভিন্ন বিষয়ের যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধান সম্ভব।
এরদোগান বলেন, আঞ্চলিক সংঘাত নিরসনে তুরস্ক গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে। একই সঙ্গে সিরিয়ায় স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
তুর্কি প্রেসিডেন্ট আরও জানান, সিরিয়ার প্রতি আঙ্কারার সমর্থন অব্যাহত থাকবে। পাশাপাশি লেবাননের পরিস্থিতি আরও অবনতির আগেই তা নিয়ন্ত্রণে আনার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ফোনালাপে আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনের বিষয়টিও উঠে আসে। এরদোগান বলেন, সম্মেলন সফল করতে তুরস্ক সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে।
অন্যদিকে ফোনালাপ শেষে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় এরদোগানের সঙ্গে নিজের সম্পর্কের প্রশংসা করে তিনি বলেন, এরদোগান একজন শক্তিশালী নেতা এবং তার সঙ্গে এমন সম্পর্ক রয়েছে, যা অন্য কারও সঙ্গে নেই।
ট্রাম্প আরও বলেন, এরদোগান ভালো কাজ করেছেন এবং তিনি যুক্তরাষ্ট্রের জন্য একজন গুরুত্বপূর্ণ মিত্র বলে মনে করেন।