এনসিপির মনোনয়ন কিনলেন ‘স্যালুট দেওয়া’ সেই রিকশাচালক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৯:২২ এএম
জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন এবার আনুষ্ঠানিকভাবে নির্বাচন মাঠে নামার ঘোষণা দিলেন। তিনি ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এনসিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তারা সাংবাদিকদের হাতে ঢাকা-৮ আসন লেখা প্রিন্টেড কাগজও তুলে ধরেন। ঘোষণা অনুযায়ী, মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন সুজন।
গত কয়েকদিন ধরে সুজনের এনসিপি থেকে মনোনয়ন নেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছিল। কেউ সমর্থন জানিয়েছিলেন, কেউ বা প্রশ্ন তুলেছিলেন।
মনোনয়ন ফরম কেনার পর সুজন বলেন, “অনেকে এতিমের টাকা মেরে বা যাত্রাপালা করে সংসদে যেতে পারেন। আমি রিকশাচালক হয়ে কেন পারবো না? মানুষের পাশে থাকতে চাই, তাদের কথা বলতে চাই।”
জুলাই বিপ্লবের সময় স্যালুট দেওয়ার সেই মুহূর্ত ভাইরাল হওয়ার পর বিভিন্ন মিডিয়ায় তার সাক্ষাৎকার প্রচারিত হয় এবং শহরের দেয়ালচিত্রেও তার সেই ভঙ্গির ছবি আঁকা দেখা যায়।
আজ ছিল এনসিপির মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা তিন হাজার মনোনয়ন ফরম বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।