খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ার হাসপাতালে চীনের মেডিকেল টিম
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৭ পিএম
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা দিতে চীন থেকে পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম ঢাকায় এসেছে। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।
হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানায়, মূল বিশেষজ্ঞ চিকিৎসক দল মঙ্গলবার (২ ডিসেম্বর) ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন গণমাধ্যমকে জানান, চীনের এই প্রাথমিক মেডিকেল দল ইতোমধ্যে চিকিৎসার প্রস্তুতি শুরু করেছে এবং মঙ্গলবার মূল চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা পরিকল্পনা চূড়ান্ত করা হবে।
মেডিকেল বোর্ডের সদস্যরা মনে করছেন, বর্তমান শারীরিক অবস্থার জটিলতার কারণে অতিরিক্ত আন্তর্জাতিক বিশেষজ্ঞ মতামত জরুরি হয়ে পড়েছে।
এর আগে দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং তিনি খুবই অসুস্থ। তিনি দেশবাসীর কাছে চেয়ারপারসনের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া গত চার দিন ধরে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন।