গ্রিসে পানি ভেবে পেট্রল পান করে অসুস্থ ৪০ বাংলাদেশি, ২ জনের মৃত্যু

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ এএম

ছবি: সংগৃহীত

গ্রিসে নৌপথে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছেন প্রায় ৪০ জন বাংলাদেশি। মানবপাচারকারীদের প্রতারণায় পানি ভেবে পেট্রোল পান করায় তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে গ্রিসে বাংলাদেশ দূতাবাস।

নিহতরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার আব্দুস মিয়ার ছেলে শাকিব আহমেদ শুভ এবং একই জেলার জিতু উল্লাহর ছেলে সায়েম আহমেদ। তাদের মৃত্যুর খবরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোক ও উদ্বেগ তৈরি হয়েছে।

দূতাবাসের তথ্য অনুযায়ী, গত ২৬ নভেম্বর লিবিয়া থেকে ছোট একটি প্লাস্টিকের নৌকায় গ্রিসের উদ্দেশে যাত্রা করেন তারা। পথে নৌকায় ছিদ্র হয়ে পানি ঢুকে পড়ে। খাবার ও পানীয় কিছুই সঙ্গে না থাকায় যাত্রীরা দু’দিন ধরে ক্ষুধা ও তৃষ্ণায় অশক্ত হয়ে পড়েন। একসময় তারা বোতলে থাকা পেট্রোলকে পানি ভেবে পান করেন। এতে অনেকে অজ্ঞান হয়ে গেলে শ্বাসযন্ত্র ও পাকস্থলীতে মারাত্মক জটিলতা দেখা দেয়।

পরে গ্রিসের কোস্টগার্ড ও পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এথেন্সের এক্সার্খিয়া এলাকার একটি হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি দূতাবাসকে জানালে প্রথম সচিব রাবেয়া বেগম দ্রুত সেখানে পৌঁছে অসুস্থদের খোঁজখবর নেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পেট্রোল পান করার কারণে কয়েকজনের অবস্থা ছিল অত্যন্ত সংকটাপন্ন। দুইজন মারা গেছেন এবং চারজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। একজনের কিডনি বিকল হয়ে যাওয়ায় তাকে ডায়ালাইসিস দেওয়া হচ্ছে।

চিকিৎসা শেষে সুস্থদের মালাকাসা ক্যাম্পে নেওয়া হবে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। যাত্রীরা অভিযোগ করেছেন, মানবপাচারকারীরা তাদের কোনো খাবার বা পানি দেয়নি এবং অমানবিক পরিবেশে তারা মৃত্যুঝুঁকি নিয়ে যাত্রা করছিলেন।

দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম জানিয়েছেন, অবৈধভাবে সমুদ্রপথে গ্রিসে প্রবেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মানবপাচারকারীদের কাছ থেকে সতর্ক থাকতে এবং বৈধ উপায়ে বিদেশ যাত্রার আহ্বান জানানো হয়েছে। আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তায় দূতাবাস পাশে আছে বলেও জানান তিনি।

নিহত দুই যুবকের মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি গ্রিসে অবস্থানরত প্রবাসীদের মধ্যেও তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970