মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ২৬ বাংলাদেশি আটক
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১১:২৯ এএম
মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানে মঙ্গলবার (৬ জানুয়ারি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে দেশটির অভিবাসন বিভাগ। এ অভিযানে মোট ৭৭ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন, যাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।
অভিযানটি রাজ্যের সেরেমবান ও নিলাই এলাকার ১৩টি স্থানে সকাল ৯টা থেকে রাত ১টা পর্যন্ত চলে। অভিযানের সময় ৩৯৫ জন বিদেশির যাচাই-বাছাই করা হয়। আটকদের মধ্যে ৭১ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। এছাড়া ইন্দোনেশিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, মিয়ানমার ও ভারতের নাগরিকরাও আটক হয়েছেন।
সেরেমবান ও নিলাই এলাকায় অবস্থিত একটি সাবান কারখানায় সর্বাধিক ৫৫ জন অবৈধ অভিবাসী আটক করা হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সব পথ অবরুদ্ধ থাকায় কেউ পালাতে পারেনি।
নেগেরি সেম্বিলানের অভিবাসন পরিচালক কেনিথ তান আই কিয়াং জানান, আটককৃতদের বৈধ পাস বা ভ্রমণ নথি নেই, বা তারা মেয়াদোত্তীর্ণ অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন, পাসপোর্ট আইন এবং অভিবাসন বিধিমালা অনুযায়ী তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও সতর্ক করে বলেছেন, অবৈধ অভিবাসী নিয়োগ বা আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কঠোরভাবে দায়িত্বভার বহন করতে হবে।