আবুধাবিতে সাড়ে ৩ কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ পিএম

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট সাপ্তাহিক ড্রয়ে সাড়ে ৩ কোটি টাকার সমপরিমাণ ১০ লাখ দিরহাম জিতেছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ আলওয়ারুদ্দিন হাজী আবু সৈয়দ। তিনি দীর্ঘ ২১ বছর ধরে আবু ধাবির আল আইনে বসবাস করছেন।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আলওয়ারুদ্দিন গত ছয় বছর ধরে নিয়মিত বিগ টিকিট কিনে আসছিলেন। ৯ জন বন্ধুর সঙ্গে দলবদ্ধভাবে প্রতি মাসে টিকিট কিনে আসা তার ধৈর্যশেষে সিরিজ ২৮৩-এর ড্রয়ে আসে কাঙ্ক্ষিত সাফল্য।

পুরস্কার জয়ের অনুভূতি জানিয়ে মোহাম্মদ আলওয়ারুদ্দিন বলেন, “এত বছর চেষ্টা করার পর এমন কিছু ঘটবে তা কল্পনাও করিনি। এটি আমাকে ধৈর্য ও ধারাবাহিকতার ওপর বিশ্বাস আরও দৃঢ় করেছে।”

তিনি বলেন, পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন তা এখনও চূড়ান্ত করেননি, তবে এই অভিজ্ঞতা তাকে ভবিষ্যতেও লটারি খেলায় অংশ নিতে অনুপ্রাণিত করেছে।

চলতি মাসে বিগ টিকিটের গ্র্যান্ড প্রাইজ রাখা হয়েছে দেড় কোটি দিরহাম, যা ৩ মার্চ সরাসরি ড্রয়ের মাধ্যমে বিজয়ীর কাছে যাবে। এছাড়া পাঁচজনকে দেওয়া হবে এক লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার।

ফেব্রুয়ারিতে চারটি সাপ্তাহিক ই-ড্র অনুষ্ঠিত হবে। প্রতিটি ড্রয়ে চারজন করে বিজয়ী পাবেন ৫০ হাজার দিরহাম। ড্রগুলো ইউটিউব চ্যানেলে স্থানীয় সময় বেলা ১১টায় সরাসরি সম্প্রচার করা হবে।

ফেব্রুয়ারি মাসে ‘দ্য বিগ উইন কনটেস্ট’ও চলছে। এতে এক লেনদেনে দুই বা তার বেশি টিকিট কিনলে নির্বাচিত কিছু গ্রাহক ৩ মার্চের লাইভ ড্রয়ে অংশ নিতে পারবেন। সেই ড্রয়ে ৫০ হাজার থেকে দেড় লাখ দিরহাম পর্যন্ত নগদ পুরস্কার নিশ্চিত থাকবে।

চলতি মাসে বিগ টিকিটের ড্রিম কার সিরিজও অব্যাহত রয়েছে। ৩ মার্চের ড্রয়ে একটি রেঞ্জ রোভার ভেলার জেতার সুযোগ থাকছে, আর ৩ এপ্রিলের ড্রয়ে থাকবে একটি মাসেরাতি গ্রেকালে।

বিগ টিকিট সংগ্রহ করা যাচ্ছে অনলাইনে ছাড়াও জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর, মাদিনাত বিন জায়েদ সিটি, মোরাফিক মুসাফাহ এবং আল আইন বিমানবন্দরের কাউন্টারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970