৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, বাংলাদেশিদের উল্লাস

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:৫০ এএম

ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ যখন সীমান্ত নীতি কঠোর করছে এবং অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কড়াকড়ি আরোপ করছে, তখন ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে স্পেন। দেশটির সরকার প্রায় ৫ লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এই সিদ্ধান্তকে অর্থনীতি, জনসংখ্যাগত বাস্তবতা এবং শ্রমঘাটতি মোকাবিলার প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করছে স্পেন সরকার।

মঙ্গলবার বার্সেলোনায় বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে আনন্দ-উল্লাস দেখা যায়। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, তারা রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং স্লোগান দিয়ে স্পেন সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন।

নতুন নিয়ম অনুযায়ী, বৈধতা পেতে আবেদনকারীদের অন্তত পাঁচ মাস স্পেনে বসবাসের প্রমাণ এবং কোনো ধরনের অপরাধমূলক রেকর্ড না থাকার শর্ত পূরণ করতে হবে। আগামী ১৬ এপ্রিল থেকে জুন মাসের শেষ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অনুমোদন পেলে তারা কাজের সুযোগ, সামাজিক নিরাপত্তা নম্বর এবং সরকারি স্বাস্থ্যসেবার সুবিধা পাবেন।

স্পেন সরকার বলছে, এসব অভিবাসী দেশটির অর্থনীতি ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। পাশাপাশি বার্ধক্যজনিত জনসংখ্যা বৃদ্ধি এবং শ্রমিক সংকট মোকাবিলায় তাদের অবদান প্রয়োজনীয় হয়ে উঠেছে।

অন্যদিকে বিরোধী দল পিপলস পার্টি এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে। তাদের দাবি, এ ধরনের উদ্যোগ অবৈধ অভিবাসনকে উৎসাহিত করবে এবং ভবিষ্যতে আরও মানুষের আগমন বাড়াতে পারে।

তবে ক্যাথলিক চার্চসহ কিছু সংগঠন এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে। ইউরোপজুড়ে কঠোর অভিবাসন নীতির মধ্যে স্পেনের এই সিদ্ধান্ত নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970