শুভ বড়দিন আজ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ এএম
আজ ২৫ ডিসেম্বর। খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন (ক্রিসমাস)। এদিন খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট বেথলেহেমে জন্মগ্রহণ করেন বলে বিশ্বাস করা হয়। মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে সৃষ্টিকর্তার মহিমা প্রচারের উদ্দেশ্যেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল—এমনটাই বিশ্বাস খ্রিষ্টান ধর্মাবলম্বীদের।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে শুভ বড়দিন উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের গির্জাগুলো সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি ও সান্তাক্লজের উপহারে আনন্দে মেতে উঠেছে শিশুদের মন। বড়দিনকে ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশের ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় এন ডি ক্রুজ, ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ পি অধিকারী, খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ড. বেনেডিক্ট আলো ডি রোজারিও, জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশের সভাপতি খ্রিস্টোফার অধিকারীসহ খ্রিষ্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে দেশপ্রেম ও মানবতার মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে খ্রিষ্টান ধর্মাবলম্বী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অন্যদিকে শুভ বড়দিন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণীতে বলেন, বড়দিন খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতি তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সবার সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।