মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে সিলেটে দুইবার ভূমিকম্প
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ এএম
মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) এই তথ্য নিশ্চিত করেছে।
বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম কম্পন অনুভূত হয়। এর ঠিক ৫ মিনিট পর, রাত ২টা ৫৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারও ভূমিকম্পে কেঁপে ওঠে এলাকা।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানায়, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৫ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৩.৩। উভয় কম্পনের উৎপত্তিস্থল সিলেটের জকিগঞ্জ উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা। প্রথমটির কেন্দ্র ছিল ২৪.৮৩০, ৯২.১৮০ অবস্থানে, গভীরতা ২০ কিলোমিটার; দ্বিতীয়টির কেন্দ্র ছিল ২৪.৭৯০, ৯২.২১০ অবস্থানে, গভীরতা ৩০ কিলোমিটার।
এর আগে রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে ৩.৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল উত্তর মান্দালয় থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে।