লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৬ এএম
লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে নির্বাচন অফিসের নিচতলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ জানান, ভোরের দিকে এক ব্যক্তি দেয়াল টপকে অফিস চত্বরে ঢুকে স্টোররুমে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে দ্রুত নাইটগার্ড আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ২০০৮–২০০৯ সালের ভোটার ফরম পুড়ে যায়।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে নির্বাচন অফিসের কার্যক্রমে তেমন কোনো প্রভাব পড়েনি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিও স্বাভাবিক রয়েছে।
এ ঘটনায় প্রশাসন তাৎক্ষণিকভাবে নিরাপত্তা জোরদারের উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান জানান, রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়সহ জেলা ও উপজেলা পর্যায়ের সব নির্বাচন অফিসে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।