মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ পিএম
ময়মনসিংহের ভালুকা উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনিতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪।
শনিবার (২০ ডিসেম্বর) র্যাব-১৪ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় জড়িত সন্দেহে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মো. মিরাজ হোসেন আকন (৪৬)।
র্যাব জানায়, ঘটনার পরপরই গোয়েন্দা নজরদারি বাড়িয়ে সংশ্লিষ্টদের শনাক্ত করা হয় এবং ধারাবাহিক অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়ায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ভালুকা উপজেলায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে দিপু চন্দ্র দাস (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় পরদিন শুক্রবার (১৯ ডিসেম্বর) নিহতের ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় প্রায় ১৫০ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।