শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: স্বেচ্ছাসেবক দল নেতাকে বহিষ্কার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম

ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কুড়িগ্রামের নাগেশ্বরীতে আটক স্বেচ্ছাসেবক দল নেতা মিনারুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কুড়িগ্রাম জেলা শাখার দফতরের দায়িত্বপ্রাপ্ত সদস্য তৌহিদুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, মিনারুল ইসলাম একই সঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে প্রশ্নফাঁসের অভিযোগে তাকে বিএনপির ওই দুই ইউনিট থেকে বহিষ্কার করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে শুক্রবার দুপুরে নিয়োগ পরীক্ষা শুরুর আগে নাগেশ্বরী উপজেলা শহরের কাজি মার্কেটের পেছনের একটি বাসা থেকে মিনারুল ইসলামসহ ছয়জনকে প্রশ্নপত্রের ফটোকপি ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসসহ আটক করে পুলিশ। পৃথক অভিযানে একই উপজেলা শহরের একটি মাইক্রোবাস থেকে চালকসহ আরও পাঁচজনকে আটক করা হয়।

এছাড়া পরীক্ষা চলাকালে উপজেলার একটি কেন্দ্রে ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে এক পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালত তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই অভিযোগে অপর এক নারী পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970