হ্যাঁ ভোটের প্রচারকালে বিএনপির হামলা, জামায়াতের ৭ নেতাকর্মী আহত
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১১:৫৮ এএম
বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হ্যাঁ ভোটের প্রচারকালে বিএনপির নেতাকর্মীদের হামলায় জামায়াতে ইসলামীর সাত নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার এলাঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন এলাঙ্গী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি শৈলমারী গ্রামের আজাহার আলীর ছেলে আইয়ুব আলী (৫০), তছের আলীর ছেলে মাসুদ রানা (৪৯), তারাকান্দি গ্রামের আব্দুস ছামাদের ছেলে জিয়াউর রহমান (৪৫), আলাউদ্দিনের ছেলে জিয়াউর রহমান ঠান্ডু (৪৩), রাঙ্গামাটি গ্রামের জাবেদ আলীর ছেলে আবু বক্কার (৪৮), ছোহরাব হোসেনের ছেলে সামিউল (৩০) এবং নলডাঙ্গা গ্রামের আব্দুস ছামাদের ছেলে রবিউল ইসলাম (৪৩)।
স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, শনিবার বিকেলে জামায়াতের নেতাকর্মীরা এলাঙ্গী বাজার এলাকায় হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এতে জামায়াতের সাত নেতাকর্মী আহত হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি আইয়ুব আলী। তিনি বলেন, নির্বাচনি প্রচার নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। তবে হামলা বা মারপিটের ঘটনা ঘটেনি।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।