এমপি প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪ পিএম
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ–৪ আসনের বাংলাদেশ ইসলামি ফ্রন্টের এমপি প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন আত তাহেরীকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. রবিউল হাসান স্বাক্ষরিত এক নোটিশে তাকে এ বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।
নোটিশ সূত্রে জানা যায়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা–২০২৫ অনুযায়ী ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো নিষিদ্ধ। তবে গিয়াস উদ্দিন তাহেরীর ভেরিফায়েড ফেসবুক পেজ ‘The Speech’-এ নির্বাচনী প্রচারণাসংক্রান্ত ভিডিও প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পেজটিতে প্রায় ৭ লাখ ৭০ হাজার অনুসারী রয়েছে।
এ অবস্থায় অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ২০ জানুয়ারি সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
একই অভিযোগে হবিগঞ্জ–৪ আসনের বিএনপির এমপি প্রার্থী সৈয়দ ফয়সলকেও শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। তাকেও আগামী ২০ জানুয়ারি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।