বিড়ি চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ঝালকাঠিতে বিএনপি কার্যালয় ভাঙচুর
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১১:৫১ এএম
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে জুয়েল তালুকদার নামে একজন আহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে কাঁঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরীরাপুর ইউনিয়নের বানাই বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বানাই বাজারের একটি দোকানে বিএনপির এক নেতার বিড়ি চাওয়াকে কেন্দ্র করে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তা সংঘর্ষে রূপ নেয় এবং বিএনপির স্থানীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিএনপি কার্যালয়ের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে লন্ডভন্ড করে ফেলা হয়েছে। পাশাপাশি দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ভাঙচুর করা হয়।
স্থানীয়দের অভিযোগ, এ ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। বানাই বাজারের এক ইলেকট্রনিক্স দোকানদার দাবি করেন, ভাণ্ডারিয়া থেকে বহিরাগত লোকজন এনে একটি ‘আওয়ামী চক্র’ পরিকল্পিতভাবে বিএনপি কার্যালয়ে হামলা চালিয়েছে।
হামলায় আহত জুয়েল তালুকদার অভিযোগ করে বলেন, ফয়সাল তালুকদার এই হামলার পেছনে ইন্ধন দিয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে ফয়সাল তালুকদারের বাবা ফারুক তালুকদার বলেন, জুয়েল তালুকদার আগে আওয়ামী লীগ করতেন। এখন বিএনপি পরিচয়ে মূল ধারার বিএনপিকে দুর্বল করার ষড়যন্ত্র করছেন। তাদের পরিবারের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নন বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে বাদশা তালুকদার মুঠোফোনে জানান, ঘটনার দিন তিনি রংপুরে ছিলেন এবং বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি বলেন, এ ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করার দাবি জানান তিনি।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মীরবহার বলেন, দলীয় কার্যালয় ও দলের শীর্ষ নেতাদের ছবি ভাঙচুরের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।