ঝালকাঠিতে জামায়াত কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম

ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় জামায়াতে ইসলামীর এক কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতার বিরুদ্ধে। আহত ওই কর্মীর নাম আব্দুল করিম সিকদার। অভিযুক্ত আমির হোসেন বাচ্চু হাওলাদার রাজাপুর উপজেলার পশ্চিম রাজাপুর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানা গেছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার পশ্চিম রাজাপুর এলাকার সারে চার আনি ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত আব্দুল করিম সিকদারকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর আহত জামায়াত কর্মীকে দেখতে হাসপাতালে যান ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ফয়জুল হক। এ সময় তিনি অভিযোগ করে বলেন, পরাজয়ের আশঙ্কা থেকেই প্রতিপক্ষ পরিকল্পিতভাবে তার দলের কর্মীর ওপর হামলা চালিয়েছে। অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ড. ফয়জুল হক আরও বলেন, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট মহলে জানানো হবে। একই সঙ্গে তিনি নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

তবে অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা বাচ্চু হাওলাদার বলেন, আহত আব্দুল করিম তার দূরসম্পর্কের আত্মীয়। ব্যক্তিগত পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়েছে। বড় ধরনের মারধরের ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। এ ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন বাচ্চু হাওলাদার।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970