জামায়াত প্রার্থী শিশির মনিরের নির্বাচনী প্রচারের গাড়িতে হামলা, ভাঙচুর
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ১২:৪৬ এএম
সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের নির্বাচনী প্রচারণার গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে দিরাই উপজেলার তাড়ল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের নির্বাচনী প্রচারণা শেষ করে প্রার্থী শিশির মনিরের গাড়িটি দিরাই উপজেলার তাড়ল এলাকার দিকে যাচ্ছিল। এ সময় দুটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত অবস্থায় আসা কয়েকজন দুর্বৃত্ত গাড়িটিতে অতর্কিত ভাঙচুর চালায়।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, হামলাকারীরা হেলমেট পরিহিত থাকায় তাৎক্ষণিকভাবে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
এ ঘটনায় জামায়াত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।