পাবনায় ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ এএম

ছবি: সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর চারটার দিকে ভাঙ্গুড়া রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

রেলওয়ে সূত্র জানায়, রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসে পঞ্চগড় এক্সপ্রেস। ভোরে ট্রেনটি ভাঙ্গুড়া স্টেশনের কাছে পৌঁছালে হঠাৎ বিকট শব্দে তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেনের সহস্রাধিক যাত্রীর মাঝে। অনেকেই ভয়ে ট্রেন থেকে লাফিয়ে নামেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ভাঙ্গুড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে। তবে সকাল পর্যন্ত বগি উদ্ধারের কাজ শুরু করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। এতে ঢাকা ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

এদিকে দুর্ঘটনাকবলিত ট্রেনে শারদীয় দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফেরার পথে অসংখ্য যাত্রী ছিলেন। আকস্মিক এই দুর্ঘটনার কারণে তারা ভোগান্তিতে পড়েছেন। যাত্রীদের অনেকেই জানান, বগি উদ্ধারে দ্রুত পদক্ষেপ না নিলে দুর্ভোগ আরও দীর্ঘায়িত হবে।

রেলওয়ের কর্মকর্তারা জানান, উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা দিয়েছে এবং শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970