কলাগাছের ওপর দেওয়া হলো সড়কের গাইডওয়ালের ইটের গাঁথুনি!

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৬ পিএম

ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলায় সড়কের গাইডওয়াল নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীন একটি নির্মাণাধীন সড়কের গাইডওয়ালের ইটের গাঁথুনির নিচে আস্ত কলাগাছ ব্যবহারের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনাটি শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর কাকইর চৌরাস্তা মোড়ে। উপজেলা এলজিইডি কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, সাদেকাবাদ হয়ে সিপাইকান্দি থেকে মুন্সীকান্দি গ্রাম পর্যন্ত সড়কের গাইডওয়াল নির্মাণকাজ প্রায় ছয় মাস আগে শুরু হয়। শুরু থেকেই কাজে ধীরগতি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ছিল।

সরেজমিনে দেখা গেছে, চর কাকইর এলাকার একটি মসজিদের সামনে নির্মাণাধীন গাইডওয়ালের ইটের গাঁথুনির নিচে শক্ত মাটি বা কংক্রিট বিমের পরিবর্তে কলাগাছ বিছিয়ে তার ওপর গাঁথুনি দেওয়া হয়েছে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রচার করেন।

স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। গাইডওয়ালের নিচে কলাগাছ ব্যবহার ও নিম্নমানের মালামাল প্রয়োগে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং তদন্তের দাবি জানান।

অভিযোগের বিষয়ে ঠিকাদার আলমগীর জমাদ্দার দাবি করেন, তিনি এমন কাজের নির্দেশ দেননি। তার ভাষ্য, রাজমিস্ত্রির ভুলে এমনটি হয়ে থাকতে পারে; কলাগাছ সরিয়ে নিয়ম অনুযায়ী পুনরায় কাজ সম্পন্ন করা হবে।

শিবচর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী জামাল শিকদার বলেন, নির্বাচনের পর অফিস খোলার আগের সময়ে অনিয়ম হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) বাদল চন্দ্র কির্ত্তনীয়া জানান, সরকারি কাজে এমন গাফিলতি কোনোভাবেই বরদাশত করা হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজানও বলেছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970