বন্দরে পিস্তল ঠেকিয়ে বিকাশ এজেন্টের প্রায় ৩ লাখ টাকা ছিনতাই
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
নারায়ণগঞ্জের বন্দরে দিনের দুপুরে আগ্নেয়াস্ত্রের মুখে এক বিকাশ এজেন্টের কাছ থেকে ২ লাখ ৯২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
রোববার দুপুরে বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকার পাতাকাটা স্ট্যান্ড সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার রনি (৩৪) জানান, সকালে বাসা থেকে অফিসে যাওয়ার পথে লক্ষণখোলা পাতাকাটা স্ট্যান্ড এলাকায় পৌঁছালে দুইজন দুর্বৃত্ত তার পথরোধ করে। তাদের একজন তার বুকে পিস্তল ঠেকিয়ে সঙ্গে থাকা সবকিছু দিয়ে দিতে বলে। এ সময় তার কাছে থাকা ২ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে পালানোর সময় আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলি ছোঁড়া হয়।
রনি বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার মৃত রমজান আলীর ছেলে।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে। এখনো এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি।