রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৫:২৯ পিএম
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৮ মার্চ) দুপুরের দিকে উখিয়া ক্যাম্প-৪ এর ডি ব্লকে নজিও কারিতাসের কার্যালয়ে এ আগুন লাগে।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বিভিন্ন মালামাল সংরক্ষিত কারিতাসের একটি স্টোর কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত করা হচ্ছে।
রোহিঙ্গা নেতা নুর আলম বলেন, উখিয়ার ক্যাম্প-৪ এর ডি ব্লক এলাকায় প্রথমে আগুনের ধোঁয়া দেখা যায়। পরে খবর পেয়ে ক্যাম্পের এপিবিএন সদস্য, স্বেচ্ছাসেবক, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা মিলে আগুন নেভানোর কাজ চালান।