নারায়ণগঞ্জে দায়িত্বরত অবস্থায় পুলিশের এএসআই'র পিস্তল ছিনতাই
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৮:৫০ পিএম
নারায়ণগঞ্জ শহরে দায়িত্ব পালনরত অবস্থায় ছিনতাইকারীদের কবলে পড়েছেন পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। এ সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সকাল প্রায় পৌনে ৬টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে এ ঘটনা ঘটে। আক্রান্ত পুলিশ সদস্যের নাম লুৎফর রহমান। তিনি নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্য হিসেবে কর্মরত।
পুলিশ সূত্র জানায়, দায়িত্ব পালনকালে টয়লেট ব্যবহারের জন্য সাময়িকভাবে নিজের টিম থেকে আলাদা হয়ে যান এএসআই লুৎফর রহমান। সে সময় তার সঙ্গে ব্যক্তিগত মোটরসাইকেল ছিল। মোটরসাইকেলে করে যাওয়ার পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে।
এ সময় ছিনতাইকারীরা তার কাছে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার সময় তিনি পুলিশের পোশাক পরা অবস্থায় ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিতাইগঞ্জ এলাকার আশপাশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন ও দুটি সরকারি হাসপাতাল থাকলেও এলাকাটি দীর্ঘদিন ধরে ছিনতাইপ্রবণ হিসেবে পরিচিত। প্রায়ই পথচারীরা এখানে ছিনতাইয়ের শিকার হন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার জানিয়েছেন, অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।