টেকনাফে স্বেচ্ছাসেবক দল নেতাকে ধরতে গিয়ে র‍্যাবের মোটরসাইকেলে আগুন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১০:০৯ পিএম

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও একাধিক মামলার আসামি ফরিদুল আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা র‍্যাবের দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া ফুটবল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারে দায়িত্বপ্রাপ্ত র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম।

গ্রেপ্তার ফরিদুল আলম টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম জানান, ফরিদুল আলম মোট ১০টি মামলার আসামি এবং তিনটি হত্যা মামলায় পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করার পর তার সহযোগীরা উত্তেজিত হয়ে মব তৈরি করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে তারা র‍্যাবের দুটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি র‍্যাবের নিয়ন্ত্রণে রয়েছে এবং গ্রেপ্তার ফরিদুল আলমকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, সদর ইউনিয়নের নাজিরপাড়া ফুটবল মাঠ এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ফরিদুল আলমকে র‍্যাব গ্রেপ্তার করেছে। খবর পেয়ে পুলিশ ও কোস্টগার্ড ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আগুনে পুড়ে যাওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970