ভুল ইনজেকশনে দুই নারীর মৃত্যু, নার্সের দাবি ‘ভুলবশত হয়েছে’
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৮:০৫ পিএম
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশন দেওয়ার ঘটনায় দুই নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে হাসপাতালের নাক-কান-গলা বিভাগে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাব্লুগঞ্জ গ্রামের মান্নানের স্ত্রী সেফালী (৬০) এবং বরিশালের কাশিপুর বিমানবন্দর থানার মৃত বাবু হাওলাদারের স্ত্রী হেলেনা (৪৫)।
স্বজনদের অভিযোগ, সেফালীর গালে টিউমার এবং হেলেনার থাইরয়েড সমস্যার কারণে রোববার তাদের অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। সকালে ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হালদার ভুলবশত দশ মিলিগ্রাম অজ্ঞান করার ইনজেকশন পুশ করেন।
ইনজেকশন দেওয়ার দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই দুই রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের মৃত্যু হয় বলে দাবি করেন স্বজনরা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
অভিযুক্ত নার্স মলিনা রানী হালদার বলেন, ইচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটেনি। ভুলবশত এমনটি হয়ে গেছে এবং এজন্য তিনি ক্ষমা চেয়েছেন।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে অধ্যাপক ডা. আমিনুল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভুক্তভোগী পরিবার যদি আইনের আশ্রয় নেয়, হাসপাতালের পক্ষ থেকে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।