চট্টগ্রামের টেরিবাজারে বহুতল ভবনে আগুন, নিহত ২

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০২:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর ব্যস্ত বাণিজ্যিক এলাকা টেরিবাজারে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ১০ তলা বিশিষ্ট কেবি অর্কিড প্লাজায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ভবনের চতুর্থ তলায় একটি দর্জির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুনের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আহত কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন পটিয়া উপজেলার বধুপুর মির্জাবাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) এবং বোয়ালখালী ইউনিয়নের পাচুরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে সোলাইমান। তারা দর্জির দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে মোহাম্মদ মামুন নামে একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, যে দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে সেখানে কর্মচারীদের বেতন ও অতিরিক্ত ভাতা দেওয়ার প্রস্তুতি চলছিল। দোকানটিতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা নগদ অর্থ ছিল বলেও দাবি করা হয়েছে। সেহরির পর থেকে এলাকায় বিদ্যুৎ না থাকলেও সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ ফিরে আসার পরপরই আগুন লাগে।

উল্লেখ্য, কেবি অর্কিড প্লাজার নিচের পাঁচ তলায় বিপণিবিতান এবং ওপরের পাঁচ তলায় আবাসিক ফ্ল্যাট রয়েছে। ভবনটিতে স্বর্ণালংকারের দোকান, ব্যাংকের শাখা ও দর্জির দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। আগুন চতুর্থ তলা থেকে ছড়িয়ে পঞ্চম ও ষষ্ঠ তলায় পৌঁছে যায়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970