আওয়ামী লীগ নেতার নেতৃত্বে বিএনপির ৬ সমর্থককে কুপিয়ে জখম

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৭:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ডামুড্যায় পূর্বের বিরোধ মিমাংসার প্রলোভনে ডেকে নিয়ে বিএনপির ছয় সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা শাওন ও তার সহযোগীদের বিরুদ্ধে। আকস্মিক এ হামলায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

আহতরা হলেন মালেক খান (৪০), নজরুল সরদার (২২), রমজান সরদার (৩৫), সামছুল সরদার (২৮), আলমগীর সরদার (৩২) ও মহাসিন সরদার (২৯)। গুরুতর অবস্থায় তাদের প্রথমে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলার ধানকাঠি ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রাজনৈতিক বিরোধ চলছিল। বিশেষ করে ঈদকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা প্রায়ই সহিংসতায় রূপ নিয়েছে। গত ৫ আগস্টের পর শাওন ও তার সমর্থকরা এলাকায় না থাকলেও ঈদ উপলক্ষে তারা সম্প্রতি ফিরে আসেন।

বিরোধ মেটানোর জন্য মিমাংসার প্রক্রিয়া নেওয়া হয়। শাওনের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পেয়ে মালেক খানসহ কয়েকজন নির্ধারিত দিনে তার বাড়িতে যান। কিন্তু সেখানে পৌঁছালে হঠাৎ তাদের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, শাওন, রিফাতসহ কয়েকজন ধারালো অস্ত্র ব্যবহার করে এলোপাতাড়ি কুপিয়ে তাদের গুরুতর জখম করেন এবং ঘটনাস্থলেই ফেলে যান।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে যায়। স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শাওনের বাড়িতে আগুন দেয় এবং তার সহযোগী রিফাতের বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর একটি দল দায়িত্ব পালন করছে।

এ আকস্মিক সহিংসতায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন নিশ্চিত করছে, নতুন কোনো সংঘর্ষ যাতে না ঘটে তার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970