কুষ্টিয়ায় কোরআন অবমাননার দায়ে কথিত পীরকে কুপিয়ে হত্যা, দরবারে ভাঙচুর-আগুন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১২:১৮ এএম
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় কোরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি দরবার শরিফে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দরবারটির প্রধান কথিত পীর আব্দুর রহমান ওরফে শামিম (৬৫) নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত চারজন।
শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত ‘শামিম বাবার দরবার শরিফ’ নামে পরিচিত স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে শামিমকে একটি অনুষ্ঠানে কোরআন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায় বলে অভিযোগ ওঠে। ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, কোরআন সম্পর্কে আপত্তিকর মন্তব্য, যা এলাকায় ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে।
এরপর উত্তেজিত জনতা দরবারে হামলা চালায়। তারা সেখানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হামলার সময় শামিমসহ কয়েকজন গুরুতর আহত হন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শামিমকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক তৌহিদুল হাসান তুহিন জানান, আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন মারা গেছেন এবং বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।