জ্বালানি সংকটের মধ্যেই অর্ধশতাধিক গাড়ি নিয়ে ছাত্রদল নেতার শোডাউন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:০৮ এএম
দেশজুড়ে চলমান জ্বালানি সংকটের মধ্যেই নাটোরের গুরুদাসপুরে অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে শোডাউন করেছেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিক। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা জানান দিতেই এ আয়োজন করেন তিনি।
রোববার বিকেলে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানার নেতৃত্বে প্রায় অর্ধশত গাড়ির বহর বের হয়। বহরটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়। এসময় সমর্থকরা স্লোগানের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দেন।
সরকারের জ্বালানি সাশ্রয় নীতির মধ্যে বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহার করে এমন আয়োজনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ রানা দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। নিজের জনপ্রিয়তা ও সাংগঠনিক শক্তি প্রদর্শনের লক্ষ্যেই এ শোডাউনের আয়োজন করা হয়।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক নাটোর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ বলেন, সংকটের সময়ে দায়িত্বশীলদের আরও সচেতন হওয়া উচিত ছিল। এমন কর্মকাণ্ড কাণ্ডজ্ঞানহীন এবং এটি অন্যদের জন্য নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করতে পারে। তিনি এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন।
অভিযোগের বিষয়ে মাসুদ রানা প্রামানিক বলেন, শোডাউনে অংশ নেওয়া গাড়িগুলো আগেই প্রস্তুত ছিল। ঈদের আগে অনুষ্ঠান করার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। পরে চালকদের সুবিধা বিবেচনায় নিয়ে আয়োজন করা হয়েছে। তিনি দাবি করেন, অধিকাংশ গাড়িই গ্যাসচালিত ছিল।
নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন বলেন, বিষয়টি তার নজরে এসেছে। তিনি মাসুদ রানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাননি। বর্তমান জ্বালানি সংকটের সময়ে এত গাড়ি ব্যবহার করা সমীচীন হয়নি বলে তিনি উল্লেখ করেন। প্রয়োজনে বিষয়টি কেন্দ্রকে জানিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বৈশ্বিক অস্থিরতার কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে অফিস সময়সূচি পরিবর্তন, অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানো এবং জ্বালানি ব্যবহারে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে।