মনোনয়ন দাখিলে বাধা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপিপন্থী আইনজীবীদের বিজয়

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ১০:৩০ পিএম

ছবি: সংগৃহীত

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকে ঘিরে বাধা ও লাঞ্ছনার অভিযোগের মধ্যেই শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ী হয়েছেন বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা। এতে সভাপতি পদে অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক পদে মৃধা নজরুল কবির নির্বাচিত হয়েছেন।

সোমবার মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই শেষে নির্বাচন কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত পদগুলোর বিপরীতে অন্য কোনো প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট প্যানেলের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।

নির্বাচিত অন্যান্যদের মধ্যে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান খান স্বপন, সহসভাপতি জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক সেলিম আহমদ, সহসাধারণ সম্পাদক এইচ এম লোকমান হোসাইন, অর্থ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, সাংস্কৃতিক সম্পাদক মুনিরা আক্তার, লাইব্রেরি সম্পাদক জয়নাল আবেদীন, নিরীক্ষা সম্পাদক এনামুল হক এনাম এবং সদস্য পদে আনোয়ার হোসেন খান, লুৎফর রহমান ঢালী, মনোয়ার হোসেন, জাকির হোসেন তালুকদার ও তৌহিদুল ইসলাম।

তবে নির্বাচনকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। প্রত্যক্ষদর্শী কয়েকজন আইনজীবী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার নির্ধারিত সময়ের মধ্যে কিছু ব্যক্তি নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে অন্য প্যানেলের প্রার্থীদের বাধা দেন। এমনকি কয়েকজন প্রার্থী শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন বলেও অভিযোগ ওঠে।

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

অভিযোগের বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ইতোমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাধারণ সম্পাদক মৃধা নজরুল কবির বলেন, তারা এই বিজয়ে আনন্দিত এবং ভবিষ্যতে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে সমিতির কার্যক্রম পরিচালনা করবেন।

এ বিষয়ে দায়িত্বে থাকা সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির জানান, নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র দাখিল ও যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। কোনো পদের বিপরীতে একাধিক প্রার্থী না থাকায় প্রাথমিকভাবে তাদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এদিকে নির্বাচন ঘিরে ওঠা অভিযোগ ও বিতর্কের পর আইনজীবী সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970