ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় দুই ছাত্রদল কর্মী নিহত
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেল সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনগর-রাধিকা সড়কের নারুই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২) এবং শ্রীরামপুরের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬)। দুর্ঘটনায় নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত রিমনসহ তিনজন আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নারুই ব্রিজের পূর্ব পাশে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজনই সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আপেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজনই ছাত্রদলের সক্রিয় কর্মী। আহত ইয়াছিন আরাফাত রিমন নবীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. সিফাত জানান, আহতদের হাসপাতালে আনা হলে দুইজনকে মৃত ঘোষণা করা হয়। আহতদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। ঘটনাটি সদর থানার আওতাধীন এলাকায় ঘটায় সেখানেই পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালিত হচ্ছে।