ফেসবুকে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতাকে স্থায়ী বহিষ্কার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৭:৪৫ পিএম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজ ফেসবুক আইডিতে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান লিখে পোস্ট করায় মোনায়েম খান নামের এক ছাত্রদল নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। তিনি পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
শনিবার উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোনায়েম খানের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাই তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক (উজ্জ্বল) জানান, সংগঠনের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক একটি স্লোগান সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় বিষয়টি তাদের নজরে আসে। পরে বিষয়টি শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচনা করে তাকে বহিষ্কার করা হয়।
এই ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। কেউ এটিকে সংগঠনের আদর্শিক অবস্থান কঠোর করার পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি তৃণমূল পর্যায়ে শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ।
উপজেলা ছাত্রদল নেতৃত্ব স্পষ্ট করেছে, দলের নীতি ও আদর্শের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে কেউ শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে বলে তারা সতর্ক করেছে।