চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৭:১৫ পিএম
ময়মনসিংহের ত্রিশালে চলন্ত মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ঢাকা–ময়মনসিংহ রেলপথে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আউলিয়ানগর এলাকায় এই ঘটনা ঘটে। হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখে ট্রেনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
পরবর্তীতে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী ট্রেনটি চলন্ত অবস্থায় ইঞ্জিনে সমস্যা দেখা দেয় এবং ধোঁয়া বের হতে শুরু করে।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ঢাকা–ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে আবার ছেড়ে যাবে বলে জানানো হয়েছে।