নতুন কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন ছাত্রদল নেতা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৮:১৩ পিএম
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটিতে পদ না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে কান্নায় ভেঙে পড়েছেন এক ছাত্রদল নেতা। তার আবেগঘন সেই ভিডিওটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
জানা যায়, কান্নায় ভেঙে পড়া ওই নেতার নাম মো. জাহিদ। প্রায় ৯ মিনিট ২৪ সেকেন্ডের ওই লাইভ ভিডিওতে তাকে কমিটিতে পদ না পাওয়ার ক্ষোভ ও হতাশা প্রকাশ করতে দেখা যায়।
তিনি লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছিলেন। নতুন কমিটিতে এবার তিনি শীর্ষ পদ পাওয়ার প্রত্যাশা করেছিলেন। তবে সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানান।
লাইভ ভিডিওতে জাহিদ অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তিনি রাজপথে থেকে দলের জন্য কাজ করেছেন, কিন্তু নতুন কমিটিতে প্রকৃত কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি।
তিনি দলের নেতাদের উদ্দেশে বলেন, জেলা ছাত্রদলের রাজনীতিতে যে অবিচার হয়েছে, তা তিনি কখনো ভুলতে পারবেন না। একই সঙ্গে তিনি হতাশা প্রকাশ করে বলেন, তাকে যেন দল ভুলে গেছে।
পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জাহিদ বলেন, তিনি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। রাজপথে সক্রিয় থেকে দলের জন্য সময় ও শ্রম দিয়েছেন। কিন্তু নতুন কমিটিতে তাকে কোনো পদ না দেওয়ায় তিনি গভীরভাবে কষ্ট পেয়েছেন। তার মতে, যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি বঞ্চিত হয়েছেন।
উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল ২০১৮ সালে।