প্রেমিকাকে ফিরে পেতে ৪৬০ ফুট উঁচু টাওয়ারে উঠে লাফিয়ে পড়ার হুমকি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১১:০৫ এএম
প্রেমিকাকে ফিরে পেতে উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে প্রাণ দেওয়ার হুমকি দিয়েছেন হাসান শিকদার (২২) নামে এক যুবক। প্রায় ৪৬০ ফুট উঁচু টাওয়ারে উঠে বসে তিনি নিচে লাফিয়ে পড়ার হুমকি দেন। পরে দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে তাকে নিরাপদে নিচে নামানো হয়।
রোববার রাতে মাদারীপুর জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় প্রেমিকার বাড়ির কাছেই এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসান শিকদারের সঙ্গে তার প্রেমিকার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এ ঘটনা মেনে নিতে না পেরে তিনি ক্ষোভে টাওয়ারে উঠে যান। সেখান থেকে তিনি প্রেমিকাকে ফোন করে সম্পর্ক বজায় রাখার অনুরোধ জানান এবং নিচে না এলে লাফিয়ে পড়বেন বলে হুমকি দেন।
বিষয়টি সামাজিক মাধ্যমে জানতে পেরে হাসানের এক বন্ধু দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি টাওয়ারের ওপর থেকে হাসানকে নামানোর চেষ্টা করলেও প্রথমে ব্যর্থ হন। পরে পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে বোঝানোর চেষ্টা চালান।
প্রায় সাড়ে চার ঘণ্টার চেষ্টার পর রাত সাড়ে ১০টার দিকে তাকে নিরাপদে নিচে নামানো সম্ভব হয়। পরে পুলিশ তাকে জনরোষ থেকে রক্ষা করে থানায় নিয়ে যায় এবং পরিবারের কাছে হস্তান্তর করে।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেন। দীর্ঘ সময়ের প্রচেষ্টায় অবশেষে ওই যুবককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।