বাংলাদেশের ভেতর আছড়ে পড়ল বিএসএফের ড্রোন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৮:১৬ পিএম
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শূন্যরেখা সীমান্তের ভেতরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি ড্রোন পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরে ড্রোনটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। সীমান্ত সূত্র ও বর্ডার গার্ড বাংলাদেশ জানায়, ৮৪১ নম্বর প্রধান পিলার ও তার উপপিলার ৮-এর কাছাকাছি এলাকায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা এলাকার বিপরীতে বাংলাদেশের বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্ত অবস্থিত।
স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে শূন্যরেখার প্রায় ১৫ থেকে ২০ গজ ভেতরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৯৮ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের একটি টহল দল ড্রোন উড্ডয়ন করে ভিডিও ধারণ করছিল। এ সময় হঠাৎ করে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ভুট্টাখেতে আছড়ে পড়ে।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে জানালে তিস্তা ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে হেফাজতে নেয়।
বুড়িমারী বিজিবি ক্যাম্পের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, স্থানীয়দের সহযোগিতায় ড্রোনটি উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের রংপুর ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হিমালয় ক্যাম্পের সঙ্গে যোগাযোগ হয়েছে। তাদের জানানো হয়েছে, ড্রোনটি বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের হেফাজতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।