পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই, রাজশাহীতে নিলাম নিয়ে চাঞ্চল্য

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৮:৩১ পিএম

ছবি: সংগৃহীত

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ব্যবহার অযোগ্য মালামাল বিক্রির নিলামকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মঙ্গলবার পুলিশের উপস্থিতিতেই টেন্ডার বাক্স ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

সূত্রে জানা যায়, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ গত ২০ এপ্রিল তাদের অপ্রয়োজনীয় মালামাল বিক্রির জন্য চারটি গ্রুপে টেন্ডার আহ্বান করে। মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল। তবে সকাল থেকেই নিলামকে কেন্দ্র করে রাজনৈতিক সংশ্লিষ্ট দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে একদল ব্যক্তি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে প্রবেশ করে দায়িত্বরত পুলিশের সামনেই হঠাৎ করে টেন্ডার বাক্স ছিনিয়ে নিয়ে যায়। কিছু সময় পর পুলিশ অভিযান চালিয়ে বাক্সটি উদ্ধার করে পুনরায় কার্যালয়ে নিয়ে আসে। তবে এর মধ্যেই বাক্সটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামান জানান, দুপুর আড়াইটার দিকে উদ্ধার হওয়া টেন্ডার বাক্স খোলার পর দেখা যায় বেশ কয়েকটি দরপত্রে কাটাকাটি ও সংশোধনের চিহ্ন রয়েছে। এতে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

দরদাতাদের অভিযোগ, ছিনতাইয়ের পর কিছু ব্যক্তি নিজেদের সুবিধামতো অন্যদের দরপত্রে পরিবর্তন এনে তা পুনরায় বাক্সে সংযোজন করেছে। এতে নিলাম প্রক্রিয়ার গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে।

উল্লেখ্য, প্রায় ৪৫০টি টেন্ডার শিডিউল বিক্রি হলেও শেষ পর্যন্ত জমা পড়ে হাতে গোনা কয়েকটি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970