জিন তাড়ানোর নামে এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৭:৪৫ পিএম
বগুড়া শহরের নামাজগড় এলাকায় জিন তাড়ানোর কথা বলে এক দাখিল পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হাকিম রেজাউল করিম (৪০) নামে এক ভণ্ড কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জানা গেছে, অভিযুক্ত রেজাউল করিম ‘আশ-সিফা দাওয়া খানা’ নামে একটি প্রতিষ্ঠান চালিয়ে কবিরাজি ও ঝাড়ফুঁকের আড়ালে দীর্ঘদিন ধরে অপচিকিৎসা করে আসছিলেন।
ভুক্তভোগীর পরিবার জানায়, তাদের মেয়ে রাজশাহীর একটি কওমি মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। দীর্ঘদিন ধরে মাথাব্যথার সমস্যার কারণে গত রোববার পরিচিত এক ব্যক্তির মাধ্যমে তাকে ওই দাওয়াখানায় নিয়ে যান তার বাবা।
সেখানে গিয়ে রেজাউল করিম দাবি করেন, কিশোরীর ওপর জিনের আসর রয়েছে। ঝাড়ফুঁকের অজুহাতে তিনি কিশোরীকে একটি নির্জন কক্ষে নিয়ে দরজা বন্ধ করে দেন এবং পরিবারের সদস্যদের বাইরে অপেক্ষা করতে বলেন। এরপর সেখানেই তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, একই দিন বিকেলে আরও চিকিৎসার কথা বলে ১৬ হাজার ৫০০ টাকা নিয়ে পুনরায় আসতে বলা হয়। পরিবারের সদস্যরা টাকা নিয়ে গেলে আবারও একই কায়দায় কিশোরীকে ধর্ষণ করেন ওই কবিরাজ। পরে ভুক্তভোগী কিশোরী কাঁদতে কাঁদতে পরিবারের কাছে সব প্রকাশ করলে বিষয়টি জানাজানি হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ সক্রিয় হয় এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, ইতিমধ্যেই ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এই জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ভণ্ডামির আড়ালে এমন পাশবিক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ ধরনের প্রতারক চক্রের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।